হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়া (২১) কে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত ভিকটিমও উদ্ধার করা হয়েছে।র্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-১০ ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার থানার বকশীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নয়ন মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।মামলার সূত্রে জানা গেছে, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত।বিষয়টি পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গত ১৮ নভেম্বর ২০২৫ রাতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।র্যাব জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ