নির্বাচনের মাঠে সৃষ্ট কোনো ভুল বোঝাবুঝি কিংবা উত্তেজনা যেন ভবিষ্যতে প্রতিশোধ ও প্রতিহিংসায় রূপ না নেয়—এ বিষয়ে দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক। একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে গিয়ে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে এসব বিষয়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের প্রতিশোধপরায়ণতা, সহিংসতা বা বিভাজন তৈরি না হয়—সে ব্যাপারে সবাইকে সচেতন ও সংযত থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট, জনগণের রায় এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।বিএনপির চেয়ারম্যান বলেন, “এই বিজয় কোনো একক দল বা গোষ্ঠীর নয়—এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় সেই জনগণের, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং যারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।” তিনি আরও বলেন, “আজ থেকে আমরা মুক্ত। আজ থেকে দেশের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আরও সুরক্ষিত হলো।”
তিনি নির্বাচনের পরবর্তী সময়ে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য শুধু নির্বাচনই যথেষ্ট নয়; প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিজয়ের আনন্দ যেন কোনোভাবেই অহংকার বা প্রতিহিংসার জন্ম না দেয়।একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি ভিন্ন দল ও ভিন্ন মতের সকল মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিশ্বের সব গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের নৈতিক সমর্থন ও সহযোগিতা এই গণতান্ত্রিক যাত্রাকে আরও শক্তিশালী করেছে।
সংবাদ সম্মেলনের শেষাংশে তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক—যেখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়; মতভেদ থাকবে, কিন্তু বিভাজন নয়। তিনি সবাইকে এই লক্ষ্য অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ