
হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত আহসান কটন রিফাইনারি ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার তুলা ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে কারখানার ভেতরে হঠাৎ আগুন লাগে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।”কারখানা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুনে মজুত তুলা, কাঁচামাল ও বিভিন্ন উৎপাদনযন্ত্র পুড়ে গেছে। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।