ঢাকা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। সাভারের ডগরমোড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রনি (৫২) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত রনি একজন চিহ্নিত অপরাধী যার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কঠোর নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ দিবাগত রাত ১১টা ১০ মিনিটে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাভারের ডগরমোড়া এলাকায় অভিযান চালায়। এসআই শেখ মফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে বিশেষ অবস্থান নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা গ্রেফতারকৃত মো. রনি সাভার উপজেলার শিমুলতলা ও ডগরমোড়া এলাকার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে থাকা আগের ৮টি মামলা তাকে একজন দুর্ধর্ষ পেশাদার অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। এই ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত ঢাকা জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ