
মোঃ শামীম আহমেদ:
ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় নিজেই অভিযানে নামলেন এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আটক ২ জন চাঁদাবাজ।
সাভার ও আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে নিজেই অভিযানে নেমেছেন ঢাকা-১৯ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে তিনি নিজেই এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার ‘আলতাফ নগর’ নামক স্থানে এক নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি চক্র। ভুক্তভোগী এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য নিজেই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল মিয়া নামে দুই জনকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার নির্বাচনী ইশতেহারে ‘১০১ দিনের কর্মসূচি’ ঘোষণা করেছিলেন। তার সেই কর্মসূচির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সাভার ও আশুলিয়াকে মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়া। আজকের এই অভিযানকে সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সাধারণ মানুষ।
অভিযান চলাকালে সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজ ও অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। সে যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংসদ সদস্যের এমন সরাসরি অভিযানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আত্মগোপনে চলে যায় বলে জানা গেছে। সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করার দাবি জানিয়েছেন সেই সাথে এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু কে ধন্যবাদ জানিয়েছেন।