
নাটোরের সিংড়া উপজেলা-এ মাটির নিচে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা প্রশাসন-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভা-র নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি স্থাপন করে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকি থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে অবৈধভাবে ডিজেল মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার করা ডিজেল তেল আগামীকালের মধ্যে বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।