
সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন বাবু। রবিবার সড়কে নেমে নিজেই ট্রাফিক নিয়ন্ত্রণে অংশ নেন তিনি।এ সময় তাকে ট্রাফিক পুলিশের সঙ্গে ওয়াকিটকি ও বাঁশি হাতে নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়। ব্যস্ত সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি নিজেই যানবাহনের সারি ঠিক করে দেন এবং চালকদের সঠিক নিয়ম মেনে চলার আহ্বান জানান।
হঠাৎ করে সংসদ সদস্যকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখে পথচারী ও সাধারণ মানুষও বিস্মিত হন। অনেকেই তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি নিজে মাঠে নেমে জনগণের সমস্যার সমাধানে কাজ করছেন—এটি সত্যিই প্রশংসনীয়।
এ সময় সালাউদ্দিন বাবু বলেন, সাভারের সড়কগুলোতে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে তিনি নিজে মাঠে নেমে কাজ করছেন। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও জানান, এমপি সালাউদ্দিন বাবুর এই উদ্যোগে যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়েছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাভারের সড়কে যানজট অনেকটাই কমে আসবে।