বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯k Time View  
  •                                      
                                   
                               
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ইতোমধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এই রোগগুলো থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমেই মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই এই রোগ থেকে বাঁচতে আগে থেকেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, সাধারণত বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ডেঙ্গু আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই; বছরের যেকোনো সময়ই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ড্রেন, ডোবা, নর্দমা বা যেসব স্থানে পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা মশার প্রজনন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ এবং খোলা জায়গা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুলের টব, ড্রাম, বালতি কিংবা পরিত্যক্ত টায়ারে কোনোভাবেই পানি জমে থাকতে দেওয়া যাবে না। বাড়ির ছাদ, কার্নিশ বা আশপাশে কোথাও পানি জমে আছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরের ভেতর ও আশপাশ পরিষ্কার করার পরামর্শ দেন।প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এ কারণেই আসন্ন বর্ষা মৌসুমের আগেই, অর্থাৎ আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জাতীয় সংসদের সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় এবং বসতবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। তিনি বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল দর্শন হলো— “প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102