আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার (১৪ মার্চ) রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনের জন্য জ্বালানি নেওয়ার ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে।রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।মন্ত্রী জানান, ঈদকে ঘিরে সড়কপথে যাত্রীর চাপ আগামীকাল থেকেই বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ অন্যান্য গণপরিবহন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে পারবে; এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
তিনি বলেন, বিআরটিসির অধীনে চলাচলকারী বাসগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে, বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। পরিবহনগুলোও শিডিউল মেনেই চলাচল করছে।মন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকটের অজুহাতে কোথাও ভাড়া বাড়ানো বা অগ্রিম টিকিট ফেরত দেওয়ার মতো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগে কিছু পরিবহন জ্বালানি সংকটের কথা বলে অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করলেও সরকারের নির্দেশনার পর সেই প্রবণতা বন্ধ হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের যেসব স্থানে নির্মাণকাজ চলছিল, সেখান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর ফলে অন্তত দুই থেকে তিনটি লেন যান চলাচলের জন্য সচল রাখা হয়েছে এবং যেখানে চার লেন রয়েছে সেখানে সব লেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।মন্ত্রী জানান, মহাসড়কের জ্বালানি পাম্পগুলো ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি সম্ভাব্য যানজটের ঝুঁকিপূর্ণ ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোথাও যানজট সৃষ্টি না হয়।
সব প্রস্তুতি মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সড়কে দীর্ঘ সময় আটকে না থাকেন, সে লক্ষ্যেই সরকার সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি ঈদ উপলক্ষে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না এবং বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০।খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত।মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ