ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে বা প্রয়োজনে থানায় জমা রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার (১৫ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে এসব কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং ঈদের সময় ফাঁকা ঢাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে সম্ভব হলে আত্মীয়স্বজনের কাছে রেখে যাওয়া উচিত।
যাদের ঢাকায় আত্মীয়স্বজন নেই, তাদের প্রয়োজনে নিকটস্থ থানার সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তিনি। প্রয়োজনে থানায় মূল্যবান সামগ্রী নিরাপদে জমা রাখার সুযোগ রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।তিনি আরও বলেন, বাসা ছাড়ার আগে দরজা-জানালা ভালোভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ পরীক্ষা করে যাওয়ার পরামর্শ দেন। বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা পুরোনো ক্যামেরা সচল রাখা এবং রাতের বেলায় বাসার আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।
ডিএমপি জানিয়েছে, ঈদের সময় ফাঁকা ঢাকায় অপরাধ প্রতিরোধে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন তিন শতাধিক মোটরসাইকেল ও গাড়ি দিয়ে মোবাইল প্যাট্রোল পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় ৭০টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় ফুট প্যাট্রোলও চালু রয়েছে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় থাকবে বিশেষ নজরদারি।এ ছাড়া রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অতিরিক্ত প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।এ ছাড়া ঈদের দিন থেকে পরবর্তী কয়েক দিন ফাঁকা ঢাকায় রেসিং বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ঠেকাতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আবদুল্লাহপুর এবং গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০।খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত।মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ