বিরোধী দল অসাংবিধানিক উপায়ে ‘সংস্কার পরিষদ’-এর শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা আবেগের ভিত্তিতে নয়; বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধানের আলোকে পরিচালিত হয়। সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে এ ক্ষেত্রে সব কার্যক্রমই প্রচলিত আইন, বিধি-বিধান ও সংবিধানের কাঠামোর মধ্যেই সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক কাঠামো বিদ্যমান নেই। ‘জুলাই জাতীয় সনদ’-এ যে পরিষদের কথা বলা হয়েছে, সেটি গঠন করতে হলে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।সংসদে বক্তব্যে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বর্তমানে সবাই সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছেন—কোনো সংস্কার পরিষদের অধিবেশনে নয়। এদিকে জুলাই জাতীয় সনদের আওতায় প্রস্তাবিত পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়েছে এবং বিষয়টি এখন বিচারাধীন। এ বিষয়ে আদালত রুল জারি করেছেন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তবে প্রথমে সংসদে আলোচনা করে সংবিধান সংশোধন করতে হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা সংবিধানে অন্তর্ভুক্ত হলে তবেই পরিষদ গঠন বা শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে। এর আগে এ ধরনের কোনো উদ্যোগকে তিনি অসাংবিধানিক বলেই উল্লেখ করেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০।খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত।মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ