
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি জানান, সকাল ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করে এবং প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হবে।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে বিমানবন্দরে নেওয়া হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল।এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচারের পর রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসার জন্য নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।