
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই সভা থেকেই ঘোষণা করা হবে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে পালিত হবে।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর চালু রাখা হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ তথ্য জানানো যেতে পারে।
সারা দেশের মানুষের দৃষ্টি এখন আগামীকালের এই সভার দিকে, যেখান থেকে আসবে ঈদের চূড়ান্ত ঘোষণা।