
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি যুদ্ধকালীন হামলায় নিহত প্রবাসীদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা এবং তাদের সন্তানদের পড়াশোনার খরচ বহনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব তথ্য জানান।
এর আগে সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, যারা প্রবাসে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, আর যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যেসব প্রবাসী এ যুদ্ধে নিহত হয়েছেন, তাদের পরিবারকে প্রাথমিকভাবে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা হবে। ভবিষ্যতে আরও সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।সকালে নিহত মোশাররফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তা গ্রহণ করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।