
ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাজশাহী মেডিকেলে ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটর সংকট রয়েছে। এমন গাফিলতির জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, তিনি ফোন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করে এবং মিডিয়াকে দোষারোপ করে। তবে পরে প্রতিবেদন যাচাই করে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক ছিল।ভেন্টিলেটর সংকট মোকাবিলায় তিনি বলেন, সরকারি প্রক্রিয়ায় দ্রুত যন্ত্রপাতি কেনা কঠিন হওয়ায় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের সহযোগিতায় জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সরবরাহ করা হচ্ছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।
চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই চিকিৎসকদের আচরণ, কথা ও সেবায় আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।তিনি আরও বলেন, অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির কারণে কখনও কখনও চিকিৎসায় ভুল হয়ে যায়—যেমন অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সেলাইয়ের সুতা থেকে যাওয়া। এসব এড়াতে চিকিৎসকদের আরও সতর্ক থাকতে হবে।
নিজের চিকিৎসা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে আহত হওয়ার পর দেশে অস্ত্রোপচারের পরামর্শ পেলেও বিদেশে বিশেষজ্ঞের পরামর্শে অস্ত্রোপচার ছাড়াই বিশেষ জুতা ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানতে মেডিকেল জার্নাল পড়া এবং অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে শেখা জরুরি।এছাড়া চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।