
গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত জটিলতার মুখে পড়তে পারে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো বিধান নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি কোনো গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও প্রশ্নবিদ্ধ হতে পারে।
তিনি আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।শিশির মনির আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। তবে বর্তমানে সেসব বিষয় বাস্তবায়নে বিএনপি টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।