রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই জরুরি কার্যক্রম পরিচালিত হচ্ছে।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি, সেসব এলাকাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস) শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, যারা আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়েছে, তারাও এই বিশেষ উদ্যোগে আবার টিকা নিতে পারবে। একাধিকবার এই টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।টিকাদানের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ মূলত অসুস্থ শিশুদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে হামে আক্রান্ত, তারা এই মুহূর্তে টিকা নিতে না পারলেও তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

এই বিশেষ কর্মসূচির আওতায় থাকা জেলা ও উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুরের বিভিন্ন উপজেলা।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে প্রায় ৬ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিশেষ করে রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর বিশেষায়িত হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে।চিকিৎসকদের মতে, যেসব শিশু আগে টিকা নেয়নি তাদের মধ্যেই সংক্রমণের তীব্রতা বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সকল অভিভাবককে নিজ উদ্যোগে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102