সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান
সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অভিযোগ করেন, পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি থাকার দাবি করে প্রকৃত পরিস্থিতি আড়াল করছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলতে চাইলেও তা আলোচনায় আসতে দেওয়া হয় না বলেও তিনি দাবি করেন।

বর্তমান সংসদের গঠন নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ সংসদে যারা এসেছেন, তাদের অনেকেই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার—কেউ জেল খেটেছেন, কেউ গোপন আটকস্থলে ছিলেন, আবার কেউ নির্বাসন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন মানুষদের নিয়ে গঠিত সংসদ যদি জনগণের কষ্ট না বোঝে, তাহলে আর কে বুঝবে?তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে যে ফ্যাসিবাদ দেশকে চেপে রেখেছিল, ২০২৪ সালের আন্দোলনে তা পরাজিত হয়েছে। এখন যদি কেউ সেই পরিস্থিতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, তবে তরুণ সমাজ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী একযোগে প্রতিরোধ গড়ে তুলবে।

বক্তব্যে তিনি ২০২৪ সালের আন্দোলনের লক্ষ্য তুলে ধরে বলেন, এটি শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং একটি ব্যবস্থার পরিবর্তনের জন্য ছিল। তিনি দাবি করেন, বিগত নির্বাচনে জনগণের বড় অংশ জামায়াতের পক্ষে মত দিলেও সেই ফলাফল যথাযথভাবে প্রতিফলিত হয়নি।ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায় উপেক্ষিত হওয়ার মধ্য দিয়েই দেশে আবারও স্বৈরাচারী প্রবণতার সূচনা হয়েছে। তিনি ঘোষণা দেন, সংসদ তা গ্রহণ করুক বা না করুক, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের আন্দোলন চলবে।

দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যে দল নিজেই গণতন্ত্র চর্চা করতে পারে না, তারা জনগণকে গণতন্ত্র দিতে পারে না। সংসদে তাদের প্রতিনিধিরা জনগণের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি জানান।অনুষ্ঠানে জাগপার মুখপাত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102