গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া হাটে কালোবাজারে তেল বিক্রির দায়ে আব্দুল মতিন নামে এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল এই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় তার বাসা থেকে ১৩ লিটার অবৈধ মজুদকৃত অকটেন জব্দ করা হয়েছে।অভিযুক্ত আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাটের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে গোয়েন্দা সংস্থার দুই সদস্য ক্রেতা সেজে তার কাছে যান এবং দুই লিটার অকটেন বেশি মূল্যে সংগ্রহ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল ও পুলিশের একটি দল। অভিযানে শিক্ষক মতিনের বাসা থেকে ১৩ লিটার অকটেন জব্দ করা হয় এবং কালোবাজারে তেল বিক্রির অপরাধে আব্দুল মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একজন মাদ্রাসা শিক্ষকের এমন অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ