তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, শিল্পী বেগমকে নিতে সকাল থেকেই কারাগারের ফটকে অবস্থান নেন তার সহকর্মীরা। তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, “তিনি আমাদের এলাকার বড় বোন। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে অন্যায় হয়েছে। বিষয়টি গণমাধ্যমে আসার পর আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”কারামুক্তির পর শিল্পী বেগম বলেন, “পুলিশ আমাকে ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, তবে কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দেওয়ায় আমি আইনের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার রাতে তিনি তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যা কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ