আগেও এক মঞ্চে দেখা মিলেছে জেমস ও রূপম ইসলাম-এর। সেসব আয়োজনে গানে গানে অগণিত দর্শক-শ্রোতার হৃদয়ে ঝড় তুলেছেন তারা। তাই যখনই বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে নিয়ে নতুন কোনো আয়োজনের খবর আসে, সংগীতপ্রেমীদের কৌতূহল তুঙ্গে ওঠে।নগর বাউল ও Fossils ব্যান্ডের এই দুই কর্ণধার আবারও এক মঞ্চে উঠতে যাচ্ছেন। তবে এবার বাংলাদেশ বা ভারতে নয়—তাদের লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। আগামী সেপ্টেম্বর New South Wales-এ আয়োজন করা হচ্ছে ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট। এটি অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর, Norwest Convention Centre-এ। আয়োজন করছে Bengali CineClub Australia।
আয়োজকদের ভাষায়, এটি এক ‘মাহেন্দ্রক্ষণ’। বাংলা রক গানের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে এমন আয়োজন আগে দেখা যায়নি বললেই চলে। একই মঞ্চে থাকবেন বাংলা রকের দুই মহীরুহ—জেমস ও রূপম ইসলাম। তাদের সঙ্গে পারফর্ম করবেন নিজ নিজ ব্যান্ডের সদস্যরা। ফলে এটি শুধু একটি কনসার্ট নয়, বরং বাংলা রকের অন্যতম বড় ও স্মরণীয় সংগীত আয়োজন হতে যাচ্ছে।এই কনসার্টে দর্শকরা আবারও শুনতে পাবেন সেই সব গান, যা কৈশোর, প্রেম আর বিদ্রোহের স্মৃতির সঙ্গে মিশে আছে। প্রতিধ্বনিত হবে বাংলা রকের চেনা সুর—আর তৈরি হবে নতুন এক ইতিহাসের মুহূর্ত।
অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, আয়োজকদের সঙ্গে কনসার্টের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। যদিও এখনো বেশ সময় বাকি, তবে পরিকল্পনা অনুযায়ী এটি একটি বর্ণাঢ্য আয়োজন হবে বলেই আশা করা হচ্ছে।এদিকে রূপম ইসলাম ব্যস্ত সময় পার করছেন তাঁর বই বাঘ ব্রহ্ম খেলা-এর প্রচারণা নিয়ে। পাশাপাশি Fossils-এর বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন। এর মধ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন জেমসের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করার জন্য। এর আগে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে তাদের একসঙ্গে পারফরম্যান্স এখনও ভক্তদের মনে দাগ কেটে আছে।
অন্যদিকে, নতুন গান প্রকাশ না পেলেও থেমে নেই জেমসের ব্যস্ততা। তিনি জানান, কনসার্টের পাশাপাশি বেশ কিছু নতুন গানের কাজ চলছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট কোনো সময় এখনো জানাননি তিনি।সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে পাবনার Edward College প্রাঙ্গণে আয়োজিত ‘বৈশাখী কনসার্ট’-এ পারফর্ম করে দারুণ সাড়া ফেলেছেন জেমস। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। গত বছর প্রবাসী ভক্তদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিভিন্ন দেশেও পারফর্ম করেছেন, যেখানে তিনি গানে গানে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ