পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরও জোরদার করা হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ।জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সতর্কতামূলক চিঠির পরপরই বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
এছাড়া, পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের অ্যারাইভাল ও ডিপারচার—উভয় ক্ষেত্রেই তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে। কোনো অস্বাভাবিক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।তিনি আরও বলেন, শুধু এই চিঠির কারণেই নয়, বরং নিয়মিতভাবেই সময় সময় নিরাপত্তা জোরদার করা হয়।
উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি সতর্কতা জারি করেছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয়।গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি সক্রিয় যোগাযোগ বজায় রাখছে এবং স্পর্শকাতর স্থাপনাগুলোতে সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদনকেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।এই প্রেক্ষাপটে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব ইউনিটকে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়ানোর নির্দেশ দিয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ