প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনতে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী হবেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, একটি সুস্থ ও শক্তিশালী জাতি গড়ে তুলতে সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও চিকিৎসাসেবা প্রদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে, যাতে হাসপাতালে রোগীর চাপ কমানো যায়। এ লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী সদস্যদের সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে সচেতন করবেন। তিনি উল্লেখ করেন, খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনতে পারলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।এর আগে শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ