নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
মহড়ার মাধ্যমে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত সক্ষমতা, কৌশলগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হবে।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম। সম্পাদক: মোঃ শামীম আহমেদ। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪। ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ