
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, পলাতকরা এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। তিনি বলেছেন, দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। একই সঙ্গে সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, সরকার কোনো বলপ্রয়োগ করতে চায় না, তবে চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি তাই ধৈর্য-সহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’
পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়াউলরা দানবে পরিণত হওয়ার সাহস কোথায় পেয়েছিলেন, প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের
প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’
বিজয় মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘গ্র্যান্ড র্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।’