
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের প্রাক্কালে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় যান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওই বাসায় সন্ধ্যা ৭টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বিএনপি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পরবর্তী করণীয়, পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখার অংশ হিসেবেই তারেক রহমান জামায়াত আমিরের বাসায় এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
দলটির মতে, নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টি করা জরুরি।এদিকে জানা গেছে, জামায়াত আমিরের বাসায় সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ ধারাবাহিক সাক্ষাৎগুলোকে সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।