
পুরো পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা কার্যকর হচ্ছে না।সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। শুনানিতে তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। ওই বেঞ্চে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন ফাহমিদা এবং মো. আসিফ হাসান।হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। রিট আবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের রোজা রাখা, দৈনন্দিন শারীরিক সক্ষমতা এবং ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সময়ে স্কুল বন্ধ রাখা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগেই পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। পাশাপাশি তিনি গত ৫ জানুয়ারি সরকারকে একটি আইনি নোটিশ পাঠান, যেখানে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়।হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা শুরু হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের সর্বশেষ আদেশে সেই নির্দেশনা আপাতত স্থগিত থাকায়, রমজান মাসে স্কুল খোলা থাকবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত রয়ে গেছে। বিষয়টি পরবর্তীতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।