
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টা বলেন, “এনসিপি যে এই সনদে স্বাক্ষর করবে—এমন বিশ্বাস জাতির ছিল। আজ সেই বিশ্বাস বাস্তবে রূপ নিল। জুলাই জাতীয় সনদ আজ পূর্ণতা পেল।” তিনি আরও বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রতিটি ধাপে দিকনির্দেশনা দেয়—সে জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে।” একই সঙ্গে তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং সবার আগামী দিন শুভ হোক—এ কামনা করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথ নেবেন। আমরা একসঙ্গে দুইটি শপথে অংশ নিতে যাচ্ছি।” তিনি যোগ করেন, “দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা আমরা দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করব।” তিনি আরও বলেন, “জুলাই সনদে শেষ স্বাক্ষরকারী হলেও এর বাস্তবায়নে আমরা শুরু থেকেই সর্বোচ্চ তৎপর ছিলাম।”এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।