
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে এবং এই যুদ্ধ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে যেতে পারে, ফলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের মূল্যও বৃদ্ধি পেতে পারে।
ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা তারা সমর্থন করে না। তিনি সবাইকে সৎভাবে জীবনযাপন ও হালাল উপার্জনের ওপর গুরুত্বারোপ করেন।তেল সংকট প্রসঙ্গে তিনি আরও বলেন, পাম্প ভাঙচুর বা মব সৃষ্টি কোনো সমাধান নয়। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে আইনের বাইরে গিয়ে কিছু করতে দেওয়া হবে না।
কৃষি খাতের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে। কৃষকদের সহায়তায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সারা দেশে খাল পুনর্খনন প্রকল্প উল্লেখযোগ্য।অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।