
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
এর আগে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টায় তিনি তার দপ্তরে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।অফিসে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
এ সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।