
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও প্রায় ৪৫ জন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজীব নামে এক স্থানীয় বাসিন্দা। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা নিখোঁজ রয়েছেন।দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে ডুবে গেছে, সেখানে পানির গভীরতা বেশ বেশি।
খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।উদ্ধারকাজে সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।