
কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার যাত্রীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
ওসি আবদুল মমিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেটকার মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।