সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী । ফটো সংগ্রহীত

দেশে তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির মতো বিশৃঙ্খল ঘটনা আর সহ্য করা হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ কিংবা জনসমাবেশের আড়ালে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে।সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচনায় রুমিন ফারহানা পূর্ববর্তী সরকারের সময় গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বর্তমানের ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে এ ধরনের ঘটনায় আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ২১ ফেব্রুয়ারির একটি ঘটনায় নিজেও ভুক্তভোগী হয়েছেন বলে উল্লেখ করে এ প্রবণতা রোধে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার স্পষ্টভাবে ঘোষণা করেছে—দেশে কোনোভাবেই মব কালচার চলতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সড়ক অবরোধের প্রবণতা দেখা গিয়েছিল, সেটিও আর বরদাস্ত করা হবে না বলে তিনি জানান।তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করা ঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা ও ভাঙচুর হলে তা সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন কিংবা শান্তিপূর্ণ জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, তবে মবের মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি থেকে সরে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102