শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড

দেশের সংসদীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত তৈরি হয়েছে—মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় সংসদে মোট ৪১টি বিল পাস হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) একদিনেই রেকর্ডসংখ্যক ৩১টি বিল অনুমোদন পায়, আর শুক্রবার আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। পাস হওয়া অধিকাংশ বিলই অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ থেকে প্রণীত।

বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের ১১তম কার্যদিবসে এই ৩১টি বিল পাস হয়। তবে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে সংসদে উত্তেজনা দেখা দেয়। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটিকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে ওয়াকআউট করেন।

বিতর্কে অংশ নিয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে অনির্বাচিত ব্যক্তিদের বসানোর কোনো আইনি সুযোগ নেই। এর জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকানো এবং স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রথা বাতিলের লক্ষ্যেই এ সংশোধন আনা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।শুক্রবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের ১৩তম কার্যদিবসে কোনো সংশোধনী ছাড়াই আরও ১০টি বিল পাস হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল এবং আমানত সুরক্ষা বিল।

সংসদীয় বিশেষ কমিটির তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টিকে বিল আকারে পাসের সুপারিশ করা হয়েছিল। ইতোমধ্যে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী বিল, জেলা ও উপজেলা পরিষদ সংশোধন বিলসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন আইন।এদিকে জামায়াতের ওয়াকআউটের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নের সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউট করা অর্থহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102