বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ঢাকা বানী অনলাইন
                                             
  •   Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ভারতে পলাতক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আইনি হেফাজতে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে নোটিশে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার যে দায়িত্বের কথা বলা হয়েছে, সেই সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই নিরপেক্ষভাবে নোটিশটি পাঠানো হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে।

নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোটিশদাতা।

এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি, এমনকি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় নেওয়া এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় অবস্থানের উদাহরণ তুলে ধরা হয়েছে। নোটিশে বলা হয়, ২০১৫ সালে হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপের বিষয়টি আঞ্চলিক সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে। অন্যদিকে, ২০১৪ সালে ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর ইউক্রেনের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তী সময়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং রাশিয়া-ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গও এতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এমন কোনো বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রথম পদক্ষেপ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী তার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে নিরাপদে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে।

এরপর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির প্রস্তাব করা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। প্রস্তাব অনুযায়ী, হাইকমিশনে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।

দেশে ফেরানোর জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যুর প্রস্তাবও দেওয়া হয়েছে। হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে দেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।

দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয়েছে। নোটিশে বলা হয়, কারা আইন ও জেল কোড অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি তাকে টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাবজেলে নেওয়ার কথাও বলা হয়েছে।

বিচারিক প্রক্রিয়ার বিষয়ে নোটিশে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। আইনের ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী, দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে তা বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের কথা বলা হয়েছে। এতে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে মত দিয়েছেন নোটিশদাতা।

নোটিশে আরও বলা হয়েছে, সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তির পর সংশ্লিষ্ট আদালত যে রায় ও আদেশ দেবেন, সরকারকে তা নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকের আইনি অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন আইনজীবী মাহমুদুল হাসান মামুন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102