রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এবার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল ইরান সাবেক অতিরিক্ত সচিব ৫ দিন ও তার দুই ভাই তিন দিনের রিমান্ডে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন

এবার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকা বানী ডিজিটাল
                                             
  •   Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
এবার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এবার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে বিভাগের আওতাধীন সব কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায় হামলা ও নাশকতার ঘটনার পর এ নির্দেশনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিতে বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এসব স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে হবে।

বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনার আগে দেশের বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। গত ২৮ নভেম্বর গভীর রাতে রাজশাহীর পবা উপজেলার পবা-২ (খড়খড়ি) সাবস্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি দল সাবস্টেশনের কর্মীদের জিম্মি করে হামলা চালায় বলে জানা গেছে।

এর আগে টানা দুই দিন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি সাবস্টেশনে পেট্রলবোমা হামলায় ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটে। চলতি মাসের শুরুর দিকে রাজধানীর মুগদায় বিপিডিবির কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (বিপিডিবি) তাদের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডারসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে ১১ দফা নির্দেশনা দিয়েছে। এতে কন্ট্রোল রুম, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের পরিচয় যাচাই ও তল্লাশি, সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং রাতের বেলায় নিরাপত্তা টহল বাড়ানোর কথা বলা হয়েছে।

এ ছাড়া স্থাপনাগুলোর সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার, ওয়াচ টাওয়ারে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন নিশ্চিত এবং নিরাপত্তাবাতি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি কোনো সন্দেহজনক চলাচল নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

জ্বালানি সংকট, উৎপাদন ঘাটতি ও বিতরণব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দেশের বিদ্যুৎ খাত এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্র, গ্রিড সাবস্টেশন, বিতরণ উপকেন্দ্র কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বা নাশকতা হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষ করে গ্রিড ও বিতরণ অবকাঠামোর গুরুত্বপূর্ণ কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বড় এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শুধু নিরাপত্তা নির্দেশনা জারি নয়, মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় নিশ্চিত করাও জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026 dailydhakabani
themesba-lates1749691102