
বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার (শেখ হাসিনা) মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব, এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’
ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন- এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো কর্মকাণ্ড করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানাতে হবে।
হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর
রয়টার্সের প্রতিবেদন / ১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা
তবে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘এ দলের নেতাকর্মীরা যে খুনি, তারা তা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছেন।’
দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
আমিনুল ইসলাম আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হবে।’
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, দলটির বিরুদ্ধে তাদের কাছে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।