
রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার ৫ দিন ও স্ত্রীর দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, গ্রেপ্তার হওয়া শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধান ছিলেন। গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।
পুলিশের আবেদনে আরও দাবি করা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য তারা লোকজন একত্রিত করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় ঘটনাস্থলে নাশকতার উদ্দেশ্যে অন্যান্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্র করছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় তদন্ত কর্মকর্তা।
সাবেক অতিরিক্ত সচিব ৫ দিন ও তার দুই ভাই তিন দিনের রিমান্ডে
দলের সহযোগিতা চাইল, প্রার্থীকে শাস্তির ভয়ও দেখাল ইসি
পরে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এ মামলার প্রথম আসামি একজন সরকারি চাকরিজীবী। অন্য দুজন ব্যবসায়ী। তারা রাষ্ট্রের সাধারণ নাগরিক। কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। শুধুমাত্র একজন সাবেক একজন অতিরিক্ত আইজিপির স্ত্রী ছাড়া আর কিছু উল্লেখ করা নেই রিমান্ড আবেদনে। একজন আসামি নারী। রাত ১টায় কিভাবে ককটেল বিস্ফোরণ করেন তিনি। এটি বিবেচনা করে নারী হিসেবে তার রিমান্ড বাতিলের আবেদন করছি। যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে জেলগেট জিজ্ঞাসাবাদ করা হোক।
অপরদিকে, রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, এ আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল সেটা বলা হয়নি। তারা মূলত এসবের পেছনে অর্থের জোগানদাতা। তারা বোমাবাজির সঙ্গে সম্পৃক্ত। তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এ জন্য তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করছি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এদিকে রোববার ভোরে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
মামলার অভিযোগে বলা হয়, ১৭ নভেম্বর রাত ১টার দিকে অজ্ঞাতনামা ৩০/৩৫ জন আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কতিপয় সদস্য বিমানবন্দরের গোলচত্বর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় চারজন আহত হয়। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।