
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে যুবসমাজকে সুরক্ষিত রাখতে অনলাইন জুয়া, মাদক এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে অবৈধ ‘সিসা লাউঞ্জ’ পরিচালনার বিষয়টি সংসদে উত্থাপন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও জানান, আগামী ৩০ এপ্রিল সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সারাদেশে একযোগে অভিযান শুরু হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এই উদ্যোগ জরুরি বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও অসাধু প্রশাসনিক কর্মকর্তার সহায়তায় রাজধানীর অভিজাত এলাকা—গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরায়—অবৈধ সিসা বার ও মাদককেন্দ্র গড়ে ওঠে। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ এসব স্থানে নিয়মিত অভিযান চালাচ্ছে।তিনি আরও জানান, গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।