বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮k Time View  
  •                                      
                                   
                               
বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন
বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে করে পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।সংস্থাটির তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতোমধ্যেই বন্যা শুরু হয়েছে। একই সঙ্গে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার ঝুঁকি বাড়ছে, কারণ এসব এলাকার নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বুধবার (২৯ এপ্রিল) সকালে জানান, চলমান ভারী বৃষ্টিপাতই এই পরিস্থিতির মূল কারণ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আগামী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেয়। ইতোমধ্যেই মঙ্গলবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, যা বুধবারও অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাত একটানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় হতে পারে এবং এই অবস্থা আগামী ৪ মে পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা—এই চারটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত।এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা জানান, ছোট ও পাহাড়ি নদীগুলোতে ভারী বৃষ্টির কারণে দ্রুত পানি বাড়ে।

তবে বৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102