
এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ সৃষ্টিতে চাকরিবিধি সংশোধনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পদোন্নতির সুযোগ সৃষ্টি কিংবা চাকরিবিধিতে নতুন বিধান যুক্ত করার জন্য সরকারকে নির্দেশ দিতে পারেন না আদালত। এসব বিষয় নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত।
গত ২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
লিখিত আদেশে আদালত বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রয়োগ করে আদালত নির্বাহী বিভাগ বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন কিংবা সংশোধনে বাধ্য করতে পারেন না। বিদ্যমান চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ না থাকলে নতুন করে সে সুযোগ সৃষ্টির নির্দেশনাও রিটের মাধ্যমে দেওয়া সম্ভব নয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী ও জাসিদুল ইসলাম জনি।
নথি অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যকর বিধান না থাকার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করেন মো. মনিরুল ইসলামসহ কয়েকজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে তারা হাইকোর্টে রিট করেন। রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়।
রিটে ২০২৬ সালের ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ওই পরিপত্রে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা গ্রহণ, নির্বাচন ও সুপারিশের পদ্ধতি এবং অনুসরণীয় মানদণ্ড নির্ধারণ করা হয়।
রিট আবেদনকারীদের দাবি ছিল, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ১০ ধারায় এনটিআরসিএর কার্যাবলি নির্ধারণ করা হয়েছে। ওই ধারার আলোকে পরীক্ষা গ্রহণের পদ্ধতি ও মানদণ্ড নির্ধারণের বিষয়টি কর্তৃপক্ষের প্রণীত বিধিমালার মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু আইনি ক্ষমতা ছাড়াই শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে এ ধরনের পদ্ধতি ও মানদণ্ড নির্ধারণ করেছে। ফলে পরিপত্রটি আইনটির ১০ ধারার পরিপন্থি এবং আইনি কর্তৃত্ববহির্ভূত।
পাশাপাশি স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলি নিয়ন্ত্রণকারী ১৯৭৯ সালের প্রবিধানমালা সংশোধন করে সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিধান যুক্ত করার নির্দেশনা চান রিটকারীরা। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৭ জানুয়ারির পরিপত্রের কার্যকারিতা স্থগিত এবং এ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আবেদনও করা হয়।
লিখিত আদেশে হাইকোর্ট বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ২১ ধারায় সরকার তার ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে ২০২৫ সালে সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে। বিধিমালাটি পর্যালোচনা করে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে, আইনের ১০ ধারার উদ্দেশ্য ও সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃত্বের ভিত্তিতেই এটি প্রণয়ন করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, ২০২৬ সালের ২৭ জানুয়ারির পরিপত্রটি ওই বিধিমালার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা মাত্র। আইনটির ৮ ধারার (ত) উপধারার আওতায় এ ধরনের নির্দেশনা দেওয়ার সুযোগ রয়েছে। ফলে পরিপত্রটিতে আদালতের হস্তক্ষেপ করার মতো কোনো বেআইনি বিষয় পাওয়া যায়নি।
পদোন্নতির বিধান যুক্ত করতে চাকরিবিধি সংশোধনের নির্দেশনা দেওয়ার বিষয়ে আদালত বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার প্রয়োগকারী আদালত আইন প্রণয়নকারী সংস্থার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না। একইভাবে নির্বাহী বিভাগকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো নির্দিষ্ট বিধি প্রণয়ন কিংবা বিদ্যমান চাকরিবিধিতে বিশেষ কোনো সংশোধনী যুক্ত করতে বাধ্য করার এখতিয়ারও আদালতের নেই।
হাইকোর্ট আরও বলেন, কোনো পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে, নাকি পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে, চাকরির কাঠামো কেমন হবে এবং চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ রাখা হবে কি না- এসব বিষয় নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিজস্ব নীতিনির্ধারণী ও বিধি প্রণয়নসংক্রান্ত এখতিয়ারভুক্ত।
এসব বিধান ও আদালতে উপস্থাপিত নজির পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, পদোন্নতির নতুন সুযোগ সৃষ্টি কিংবা চাকরিবিধি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কারণ নেই। এ ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতেও আগ্রহী নন। এসব বিবেচনায় রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেওয়া হলো।