
শেখ হাসিনা কী প্রক্রিয়ায় দেশ ছেড়ে পালিয়েছেন, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের আওতায় পড়বে কি না, তা যাচাই করে দেখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে ৫ আগস্টের পর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে দণ্ডবিধিতে পৃথক অপরাধের অভিযোগ আনা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে বিএনপির নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ইলিয়াস আলীসহ গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম জানান, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনা চিহ্নিত করতে সারাদেশে গণশুনানি ও জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে জেলায় এ গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনার দেশত্যাগ এবং তার সরকারের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা কী প্রক্রিয়ায় পালিয়ে গেছেন, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যে পড়ে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। তবে কোনো অপরাধীকে কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান আশ্রয়-প্রশ্রয় দিলে সেটি দণ্ডবিধির অধীনে অপরাধ হতে পারে। এ ক্ষেত্রে আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতার বিরুদ্ধে পৃথকভাবে বিচারের সুযোগ রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে বলেও জানান তিনি।
গুমের মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ বিভিন্ন ব্যক্তির গুমের ঘটনায় তদন্ত চলছে। এখনো যাদের সন্ধান পাওয়া যায়নি, তাদের বিষয়ে সমন্বিতভাবে অনুসন্ধান করা হচ্ছে। এ সংখ্যা প্রায় ২৮০। তারা বেঁচে আছেন কি না, তাঁদের পরিণতি কী হয়েছে, তা জানার চেষ্টা চলছে। এ জন্য শত শত ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা প্রকাশ করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, গুমের অপরাধ নিয়ে নতুন আইন পাস হয়েছে। ব্যাপক ও পরিকল্পিতভাবে সংঘটিত (ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক) গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। গুমের মামলাগুলোর বিচার কার্যক্রমও চলমান রয়েছে। এ-সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যে বিচার শেষ পর্যায়ে রয়েছে। অন্য মামলাগুলোর তদন্তও এগিয়ে নেওয়া হচ্ছে।
দেশজুড়ে গণশুনানির বিষয়ে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রকৃত চিত্র তুলে আনতেই এ উদ্যোগ। অনেক ঘটনায় মামলা হলেও অনেক ভুক্তভোগী পরিবার এখনো আইনের আশ্রয় নেয়নি। আবার অনেক অভিযোগে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এসব ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চায় প্রসিকিউশন।
এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, মহাসচিব ও আহ্বায়কদের চিঠি দেওয়া হয়েছে। নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন, আহত-নিহত ব্যক্তিদের পরিবার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের, বিশেষ করে নিপীড়িত দল ও সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।
চিফ প্রসিকিউটর জানান, যশোর জেলা থেকে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে ২৬ নভেম্বরের সম্ভাব্য কর্মসূচি জেলা আইনজীবী সমিতির ২৮ নভেম্বরের নির্বাচনসংক্রান্ত কারণে পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলায় কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানি আয়োজনের লক্ষ্য রয়েছে।
গণশুনানিতে কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট মামলার নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে। কোনো ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারভুক্ত হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে গণশুনানির সময় অপরাধে জড়িত কাউকে পাওয়া গেলে গ্রেপ্তারও করা হতে পারে বলে জানান তিনি।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করার আইনগত ক্ষমতা রয়েছে। তদন্ত শেষে প্রসিকিউশন দাখিলেরও এখতিয়ার রয়েছে। ফলে এ কর্মসূচি সম্পূর্ণ আইনসঙ্গত এবং ট্রাইব্যুনালের আইনগত ম্যান্ডেটের মধ্যেই পরিচালিত হবে।
এদিকে আয়নাঘরসহ গোপন বন্দিশালায় সংঘটিত অপরাধের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, কেউ যদি কাউকে বেআইনিভাবে আটকে রাখার জন্য আয়নাঘর বা এ ধরনের কোনো স্থাপনা প্রতিষ্ঠা করে থাকেন, সেটি মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে বিবেচিত হতে পারে। টিএফআই সেল ও জেআইসিসহ বিভিন্ন স্থানে সংঘটিত কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ তদন্তে আলামত হিসেবে আসছে। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, এসব উদ্যোগের লক্ষ্য শুধু অতীতের অপরাধ চিহ্নিত করা নয়, বরং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে বাংলাদেশে যাতে আর কোনো বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার, গুম কিংবা এ ধরনের অমানবিক অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে রাষ্ট্র ও সমাজকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় ট্রাইব্যুনাল।