
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) এই তালিকা প্রকাশ করা হয়। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে উল্লেখযোগ্য প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রতিবছরই এ তালিকা প্রকাশ করে টাইম।ম্যাগাজিনটিতে তারেক রহমানকে নিয়ে লেখা মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।মুখবন্ধে উল্লেখ করা হয়, কয়েক মাস আগেও লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। তবে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সেই রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠা করেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণ করেন। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় খালেদা জিয়ার মৃত্যু তার ব্যক্তিগত জীবনে গভীর শোকের ছায়া ফেলে। জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই শোককে শক্তিতে রূপান্তর করে ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কাজ করবেন তিনি।প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব এবং প্রতিবেশী ইন্ডিয়া-র সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক—এসব চ্যালেঞ্জ দ্রুত মোকাবিলা করা জরুরি। একই সঙ্গে অতীতের দুর্নীতির অভিযোগ (যা পরে আদালতে খারিজ হয়েছে) তার সরকারের শুরুর সময়কে কিছুটা কঠিন করে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, সময় নষ্ট করার সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে জনগণ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।”এ তালিকায় আরও রয়েছেন সুন্দর পিচাই, পোপ লিও চতুর্দশ, ভারতের অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী ডকোটা জনসন, ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং প্রমুখ।