
আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতি সপ্তাহে একটি করে জেলায় এ গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর জানান, এসব গণশুনানিতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।
আমিনুল ইসলাম বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনা চিহ্নিত করতে সারাদেশে গণশুনানি ও জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে জেলায় এ গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল
দেশজুড়ে গণশুনানির বিষয়ে তিনি বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রকৃত চিত্র তুলে আনতেই এ উদ্যোগ। অনেক ঘটনায় মামলা হলেও অনেক ভুক্তভোগী পরিবার এখনো আইনের আশ্রয় নেয়নি। আবার অনেক অভিযোগে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এসব ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চায় প্রসিকিউশন।’
এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, মহাসচিব ও আহ্বায়কদের চিঠি দেওয়া হয়েছে। নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন, আহত-নিহত ব্যক্তিদের পরিবার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের, বিশেষ করে নিপীড়িত দল ও সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।
চিফ প্রসিকিউটর জানান, যশোর জেলা থেকে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে ২৬ নভেম্বরের সম্ভাব্য কর্মসূচি জেলা আইনজীবী সমিতির ২৮ নভেম্বরের নির্বাচনসংক্রান্ত কারণে পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলায় কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানি আয়োজনের লক্ষ্য রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘গণশুনানিতে কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট মামলার নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে। কোনো ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারভুক্ত হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে গণশুনানির সময় অপরাধে জড়িত কাউকে পাওয়া গেলে গ্রেপ্তারও করা হতে পারে।’
গণশুনানির আইনি বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করার আইনি ক্ষমতা রয়েছে। তদন্ত শেষে প্রসিকিউশন দাখিলেরও এখতিয়ার রয়েছে। ফলে এ কর্মসূচি সম্পূর্ণ আইনসংগত এবং ট্রাইব্যুনালের আইনি ম্যান্ডেটের মধ্যেই পরিচালিত হবে।’