
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)–এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকা।এর আগে বুধবার (২৯ এপ্রিল) বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।