
জামায়াতে ইসলামী সুস্থ রাজনৈতিক চিন্তায় বিশ্বাস করে না—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলটির অতীত ইতিহাস দেশের মানুষের কাছে সুপরিচিত, আর সে কারণেই জনগণ তাদের সচেতনভাবেই প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামের আমিরের একটি বক্তব্যের তীব্র সমালোচনা করেন ফখরুল।
তিনি জানান, একটি পত্রিকায় প্রকাশিত বক্তব্যে জামায়াতের আমির দাবি করেছেন যে বিএনপি ‘ইঞ্জিনিয়ারিং করে’ ক্ষমতায় এসেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য প্রমাণ করে যে তারা দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক রাজনীতি করে না।ফখরুল আরও বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভোটে ২১৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ গণমাধ্যমও এ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং নির্বাচনের আগ থেকেই মিথ্যাচার, প্রোপাগান্ডা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপিকে জনসমর্থন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি বলেও দাবি করেন তিনি।মে দিবস উপলক্ষে ১ মে দুপুর ২টায় বিএনপির শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, দেশের সব ইউনিটকে যথাযথভাবে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করবে।
ব্রিফিংয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।